ডিবিসি নিউজের সাংবাদিককে মারধর: রিমান্ড শেষে কারাগারে ৩ আসামি
বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের স্টাফ রিপোর্টার সাইফুল ইসলাম জুয়েল ও ক্যামেরাপারসন আজাদ আহমেদকে মারধরের মামলায় গ্রেপ্তার ৩ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার জামিন আবেদন নামঞ্জুর করে ঢাকার একটি আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
ওই ৩ জন হলেন- মো. কাওছার ভূঁইয়া, মো. সুমন মিয়া ও মো. মাসুম বিল্লাহ।
এর আগে শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা রুপু কর ১ দিনের রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করেন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে রাখার জন্য আদালতের কাছে আবেদন করেন তিনি।
মামলার এজাহারে বলা হয়, গত মঙ্গলবার বিকেলে ডিবিসি নিউজের স্টাফ রিপোর্টার সাইফুল ইসলাম জুয়েল ও ক্যামেরাপারসন আজাদ আহমেদ চিকিৎসা সরঞ্জাম কেনায় অনিয়ম ও দুর্নীতি সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে ভিক্টর ট্রেডিং করপোরেশনে যান। এ সময় ফার্মের মালিক কাওছার ভূঁইয়া ও তার সহযোগীরা তাদের ওপর হামলা চালান এবং তাদেরকে মারধর করেন।
হামলাকারীরা তাদের ক্যামেরার ক্ষতি করেন এবং ভিডিও ফুটেজও মুছে ফেলেন বলে এজাহারে উল্লেখ করা হয়।
এ ঘটনায় এ পর্যন্ত ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
