নোয়াখালীতে ৭ মাসে ৩০ ধর্ষণ, হত্যা ১৯
নোয়াখালীতে গত জানুয়ারি মাস থেকে জুলাই পর্যন্ত ৩০টি ধর্ষণ ও ৭টি ধর্ষণের পর হত্যার ঘটনা ঘটেছে। এছাড়া বিভিন্ন ঘটনায় হত্যার শিকার হয়েছেন আরও ১২ জন।
আজ বৃহস্পতিবার দুপুরে নোয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে এক সভায় জেলায় গত ৭ মাসে ঘটে যাওয়া নারীর নির্যাতনের চিত্র তুলে ধরেন নোয়াখালী নারী অধিকার জোটের আহ্বায়ক লায়লা পারভীন।
সংগঠনটির প্রকাশিত তথ্য অনুযায়ী, গত জানুয়ারি মাস থেকে জুলাই পর্যন্ত নোয়াখালী জেলায় ৩০টি ধর্ষণ, ৭টি ধর্ষণের পর হত্যা, ৭টি যৌতুকের জন্য নির্যাতন, ৩টি অপহরণের ঘটনা ঘটেছে।
'নারীর প্রতি সহিংসতা রুখে দাও' এ স্লোগানে লায়লা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা নারী অধিকার জোটের সদস্য নাসিমা মুন্নি, এ্যডভোকেট কল্পনা রাণী, মনোয়ারা বেগম মিনু, ফরজানা তিথিসহ আরও অনেকে।
বক্তারা নারী নির্যাতনসহ সব ধরনের সহিংসতার প্রতিবাদ জানিয়ে এসব ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে ভুক্তভোগীর সুবিচার প্রাপ্তির বিষয়টি নিশ্চিতের দাবি জানান।