কুমিল্লা-৩: বিএনপি প্রার্থী কায়কোবাদের প্রার্থিতা আপিল বিভাগে বহাল
দ্বৈত নাগরিকত্বের অভিযোগে কুমিল্লা-৩ আসনে বিএনপির প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের প্রার্থিতার বৈধতা নিয়ে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।
আজ মঙ্গলবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে আপিল বিভাগের একটি বেঞ্চ একই আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মো. ইউসুফ সোহেলের হাইকোর্টের আদেশের বিরুদ্ধে দায়ের করা লিভ টু আপিল আবেদন খারিজ করে দেন।
ইউসুফ সোহেলের আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু বলেন, আপিল বিভাগের এ আদেশের ফলে বিএনপি প্রার্থী কায়কোবাদের নির্বাচনে অংশ নিতে আর কোনো আইনি বাধা নেই।
আজ আদালতে কায়কোবাদের পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম, মো. রুহুল কুদ্দুস কাজল ও মাহবুবুর রহমান খান। অন্যদিকে ইউসুফ সোহেলের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন।
এর আগে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার বাছাইয়ে কুমিল্লা-৩ আসনে বিএনপি প্রার্থী কায়কোবাদের মনোনয়ন বৈধ হয়। তবে দ্বৈত নাগরিকত্বের অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেন জামায়াত প্রার্থী ইউসুফ।
১৯ জানুয়ারি ইসি ইউসুফের আপিল আবেদন খারিজ করে। ইসির ওই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট আবেদন করেন ইউসুফ। পরবর্তীতে হাইকোর্ট ওই রিট আবেদনও খারিজ করে দিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বহাল রাখেন।