পুরো রমজান মাধ্যমিক বিদ্যালয় বন্ধে হাইকোর্টের নির্দেশ
শিক্ষার্থীরা যেন সঠিকভাবে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারে, সে জন্য আসন্ন পবিত্র রমজান মাসজুড়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত পাঠদানকারী সব সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
তবে এই সময়ের মধ্যে নির্ধারিত কোনো পাবলিক পরীক্ষা থাকলে বিদ্যালয়গুলো তা নিতে পারবে বলে দ্য ডেইলি স্টারকে জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. শফিকুর রহমান।
রমজানের প্রথম ১৮ দিন মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত কেন অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে সরকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি রুল জারি করেছেন আদালত।
প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে দায়ের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আশীফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ ও রুল জারি করেন।
সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াস আলী মণ্ডল গত ২০ জানুয়ারি জনস্বার্থে হাইকোর্টে রিটটি করেন।
আবেদনে তিনি বলেন, চলতি বছরের পবিত্র রমজান মাসে বিদ্যালয় ও মাদ্রাসা খোলা রাখার বিষয়ে গত ২৬ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয় দুটি পৃথক প্রজ্ঞাপন দিয়েছে।
একটি প্রজ্ঞাপনে সারা দেশের মাদ্রাসাগুলো পবিত্র রমজান মাসজুড়ে বন্ধ থাকবে বলা হলেও অন্য প্রজ্ঞাপনে মাধ্যমিক বিদ্যালয়গুলো ১৮ রমজান পর্যন্ত খোলা রাখার কথা বলা হয়েছে। এটা বৈষম্যমূলক ও অবৈধ বলে আবেদনে উল্লেখ করেন তিনি।
আবেদনের বরাত দিয়ে আইনজীবী ইলিয়াস আলী মণ্ডল দ্য ডেইলি স্টারকে বলেন, বাংলাদেশের অধিকাংশ নাগরিকই মুসলমান।
তিনি বলেন, স্বাধীনতার পর থেকে দেশে রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার প্রচলন রয়েছে। ১৮ রমজান পর্যন্ত মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখা বৈষম্যমূলক, অবৈধ ও অসাংবিধানিক।
আইনজীবী ইলিয়াস আলী মণ্ডল নিজেই রিটের পক্ষে শুনানি করেন। অন্যদিকে, আজকের শুনানিতে রাষ্ট্রপক্ষে অংশ নেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল মো. আরশাদুর রউফ ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান।