বিএনপিকর্মীর মাথা ন্যাড়া করে দেওয়ার অভিযোগে কৃষকদল নেতার বিরুদ্ধে মামলা

নিজস্ব সংবাদদাতা, ময়মনসিংহ

নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করায় ময়মনসিংহের গৌরীপুরে এক বিএনপিকর্মীর মাথা ন্যাড়া করে দেওয়ার অভিযোগে কৃষক দল নেতার বিরুদ্ধে মামলা হয়েছে।

অভিযুক্ত কাজিয়েল হাজাত শাহী মুন্সী গৌরীপুর পৌর কৃষক দলের সভাপতি।

ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী আহাম্মদ তায়েবুর রহমান হিরণের পক্ষে কাজ করায় উপজেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান তালুকদারের মাথা ন্যাড়া করে দেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে।

এ ঘটনায় বুধবার রাতে মামলা হয়েছে বলে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

অভিযুক্ত কাজিয়েল হাজাত শাহী মুন্সী নির্বাচনে এ আসনে বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনের পক্ষে কাজ করেন এবং নির্বাচনে ইকবাল হোসেন জয়ী হন।

ভুক্তভোগী আব্দুল মান্নান ডেইলি স্টারকে বলেন, 'বুধবার দুপুরে গৌরীপুর নতুন বাসস্ট্যান্ড রেলক্রসিং এলাকা দিয়ে অটোরিকশায় যাওয়ার পথে পৌর কৃষকদল সভাপতি কাজিয়েল হাজাত শাহী মুন্সী আমাকে দেখতে পান এবং সিএনজি থামিয়ে আমাকে টেনেহেঁচড়ে নামান। পরে আমাকে শারীরিকভাবে নির্যাতন করে একটি সেলুনে নিয়ে তিনি ও তার লোকজন আমার মাথার চুল কেটে ন্যাড়া করে দেন।'

'আমার অপরাধ শুধু আমি ঘোড়া প্রতীকের পক্ষে কাজ করেছিলাম,' বলেন তিনি।

তবে অভিযোগ প্রত্যাখান করে কৃষক দলে নেতা শাহী মুন্সী বলেন, 'এ ঘটনার সঙ্গে আমি কোনোভাবেই জড়িত ছিলাম না। বিএনপির সুনাম নষ্ট করতেই এ মহলটি আগে থেকেই মিথ্যা-বানোয়াট তথ্য দিয়ে আমাদের ইমেজ নষ্ট করতে চেয়েছিল। এটা তারই অংশ।'

যোগাযোগ করা হলে কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি আবুল বাশার আকন্দ ডেইলি স্টারকে বলেন, 'ঘটনাটি শুনেছি এবং বিষয়টি কেন্দ্রীয় কমিটিকে জানানো হয়েছে। তদন্তে সত্যতা পাওয়া গেলে অভিযুক্তের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।'

ওসি কামরুল হাসান বলেন, 'শাহী মুন্সীকে প্রধান আসামি করে গতরাতে একটি মামলা হয়েছে। মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে ৭-৮ জনকে। অভিযুক্তকে গ্রেপ্তার করতে পুলিশ মাঠে নেমেছে।'