সুজনের গাজীপুর জেলা সহ-সভাপতিকে শ্বাসরোধে হত্যা

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর

সুশাসনের জন্য নাগরিক (সুজন) গাজীপুর জেলা শাখার সহ-সভাপতি মো. কামরুজ্জামান মোল্লাকে (৬৫) শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা।

গাজীপুর মহানগরের পূর্ব ধীরাশ্রম এলাকা থেকে তার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিহত কামরুজ্জামান মোল্লা গাজীপুর মহানগরের ৫০ নম্বর ওয়ার্ডের গাজীপুরা এলাকার বাসিন্দা ছিলেন।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, কামরুজ্জামান মোল্লা বুধবার সকাল ৭টার দিকে নিজ বাসা থেকে গাজীপুর আদালতে একটি মামলার কাজে যান। পরে তিনি আইনজীবীর চেম্বার থেকে বের হয়ে আর বাসায় ফেরেননি।

গাজীপুর সদর থানার উপপরিদর্শক মিজানুর রহমান বলেন, 'প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।'

নিহতের ছেলে কৌশিক জামান বাদী হয়ে গাজীপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) গাজীপুর জেলা শাখার সভাপতি শফিকুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, 'কামরুজ্জামান মোল্লা আমাদের জেলা কমিটির সহ-সভাপতি ছিলেন। টঙ্গী এলাকায় তিনি ব্যবসা করতেন। তিনি ভালো ও সজ্জন মানুষ ছিলেন, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন।'

সুজন গাজীপুর জেলার সাধারণ সম্পাদক ইফতেখার শিশির ডেইলি স্টারকে বলেন, 'এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে—এমন সন্দেহভাজনদের একটি  তালিকা পুলিশের কাছে দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।'