কক্সবাজারে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার

কক্সবাজার শহরে চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।

আজ শনিবার দুপুর ৩টার দিকে শহরের বিজিবি ক্যাম্পসংলগ্ন দক্ষিণ সাহিত্যিকা পল্লী এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহত নাম গণেশ পাল (৩৫) ওই এলাকার বিশ্বনাথ পালের ছেলে এবং কক্সবাজারের বড়বাজারে মুদি দোকান চালাতেন।

গণেশের স্ত্রী শেফালি পাল ও তার ভাই আশীষ পালের অভিযোগ, তাদের নবনির্মিত বাড়িতে সেপটিক ট্যাংক বসানোর সময় প্রতিবেশী জিশান তাদের কাছে চাঁদা দাবি করে। এ নিয়ে দুইপক্ষের মধ্যে কয়েক দফা তর্ক-বিতর্কও হয়।

তাদের দাবি, এই ঘটনার জেরেই আজ দুপুরে জিশান এলোপাতাড়িভাবে গণেশকে ছুরিকাঘাত করে। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমি উদ্দিন বলেন, ‘প্রাথমিক তথ্যে জানা গেছে, জিশান বিভিন্ন ছোটখাটো অপরাধের সঙ্গে জড়িত হিসেবে স্থানীয়ভাবে পরিচিত। তিনি গণেশ পালের কাছে টাকা দাবি করেছিলেন। গণেশ টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জিশান হঠাৎ গণেশকে ছুরিকাঘাত করে।’

ওসি বলেন, ‘ঘটনার সময় সেখানে আরও এক যুবক উপস্থিত ছিলেন বলে পুলিশ জানতে পেরেছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।’