শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনায় সালিশ, জুতাপেটা-জরিমানায় সমঝোতার অভিযোগ
পটুয়াখালীর কলাপাড়ায় এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্থানীয়ভাবে সালিশ করে অভিযুক্ত এক ভ্যানচালককে জুতাপেটা ও জরিমানা করা হয়েছে।
কলাপাড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউসার হামিদ বিষয়টি জেনেছেন বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় একটি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে। পরে এ ঘটনায় ওই রাতেই সালিশ বসে। স্থানীয় একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালিশে বিচার করেন।
বিচার অনুযায়ী, স্থানীয়দের উপস্থিতিতে ভ্যানচালক রিপনকে (৩৫) ৫০ বার জুতাপেটা ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রধান শিক্ষকের এমন সালিশ বিচারে স্থানীয়ভাবে ক্ষোভ তৈরি হয়েছে।
সালিশে উপস্থিত স্থানীয় এক বাসিন্দা নাম প্রকাশ না করা শর্তে ডেইলি স্টারকে বলেন, 'মূলত প্রধান শিক্ষকের উদ্যোগেই সালিশ হয়।'
অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক নান্নু তালুকদার ডেইলি স্টারকে বলেন, 'সালিশের ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাই না।'
এ বিষয়ে ওই শিশুর পরিবারের কেউ কথা বলতে রাজি হয়নি।
জানতে চাইলে মুহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহব্বত খান ডেইলি স্টারকে বলেন, 'এ বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।'
ইউএনও কাউসার হামিদ বলেন, 'বিষয়টি আমি আজই জেনেছি। খোঁজ-খবর নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।'