শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ছেলেকে পুলিশে দিলেন বাবা
যশোরের মনিরামপুর উপজেলায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ২০ বছর বয়সী এক তরুণকে পুলিশের হাতে তুলে দিয়েছেন তার বাবা।
এই ঘটনার পর ভুক্তভোগীর বাবা রোববার রাতে মনিরামপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
অভিযুক্ত শান্ত ইসলাম (২০) উপজেলার শ্যামকুর ইউনিয়নের জামজামিয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার সন্ধ্যার দিকে শান্ত ধর্ষণের চেষ্টা করলে শিশুটির চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে তাকে হাতে-নাতে ধরে ফেলে।
পরবর্তীতে শান্তর বাবা নিজে ছেলেকে পুলিশের হাতে তুলে দেন।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ বলেন, ‘অভিযুক্ত শান্তকে আজ সোমবার বিকেলে আদালতে হাজির করা হয়েছিল এবং আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন।’