শহীদ মিনারের সামনে গুলিবিদ্ধ তরুণ মারা গেছেন
রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে দুর্বৃত্তের গুলিতে আহত তরুণ মারা গেছেন। তার নাম মোহাম্মদ রাকিব (২৫)।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সার্জন ডা. মোস্তাক আহমেদ দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।
এর আগে রাত সোয়া ৯টার দিকে শহীদ মিনারের সামনে রাকিবকে ছুরিকাঘাত ও গুলি করে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।
বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ডেইলি স্টারকে জানান, রাকিবের বাসা শহীদ মিনার সংলগ্ন স্টাফ কোয়ার্টারে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
রক্তাক্ত অবস্থায় রাকিবকে হাসপাতালে নিয়ে যাওয়া জি এম ইশান সাংবাদিকদের বলেন, 'আমরা কয়েকজন বন্ধু শহীদ মিনারের পাশে আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ কয়েক রাউন্ড গুলির শব্দ হয়। গিয়ে দেখি এক তরুণ রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এরপর দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাই।'
নিহত রাকিব টিকটকে কনটেন্ট তৈরি করতেন বলে জানিয়েছে পুলিশ।
আহত রাকিবের বন্ধু মো. রনি বলেন, রাকিব কয়েকজন বন্ধুর সঙ্গে শহীদ মিনারের পাশে চায়ের দোকানে চা খাচ্ছিলেন। এ সময় এক যুবক তাকে ডেকে নিয়ে যান। এর কিছুক্ষণ পর গুলির শব্দ পেয়ে শহীদ মিনারের সামনে গিয়ে দেখি রাকিব রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তার মাথায় গুলি লেগেছে এবং শরীরের একাধিক জায়গায় ছুরিকাঘাত রয়েছে।
ওসি মনিরুজ্জামান বলেন, ঘটনার পরপরই শহীদ মিনার এলাকা থেকে লোকজন এক যুবককে আটক করে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।