জাতীয় ঈদগাহ ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা, থাকবে ডাইভার্সন ও পার্কিংয়ের নির্দিষ্ট জায়গা

স্টার অনলাইন রিপোর্ট

জাতীয় ঈদগাহ ময়দান ঘিরে নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. সরওয়ার।

আজ বৃহস্পতিবার সকালে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

ডিএমপি কমিশনার বলেন, ‘আমাদের বিভিন্ন গোয়েন্দা সংস্থা মনিটরিং করছে। নিরাপত্তা ব্যবস্থা অটুট রাখার জন্য আমাদের যথেষ্ট প্রস্তুতি আছে।’

‘আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবে ডিএমপি,’ জানান এই কর্মকর্তা।

জাতীয় ঈদগাহ ময়দান ঘিরে কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, প্রবেশ গেটগুলো আর্চওয়ে ও মেটাল ডিটেক্টরের পাশাপাশি পুলিশ কন্ট্রোল রুম থেকে আশেপাশের এলাকা সিসিটিভি ক্যামেরায় পর্যবেক্ষণ করা হবে। থাকবে ওয়াচ টাওয়ার।

তিনি বলেন, প্রধান তিনটি রাস্তার প্রবেশ মুখ—মৎস্য ভবন, প্রেসক্লাব ও শিক্ষাভবন মোড়ে রোড ব্যারিকেড থাকবে, যাতে অন্যান্য গাড়ি ঈদগাহ ময়দানের আশেপাশের রাস্তায় না আসে। নিরাপত্তা নিশ্চিত করতে ঈদগাহ ময়দানের চারপাশে থাকবে তল্লাশির ব্যবস্থা। ঈদগাহ ময়দানে মুসল্লিদের আর্চওয়ের মধ্য দিয়ে প্রবেশ করতে হবে। নারীদের প্রবেশে থাকবে পৃথক গেট ও পৃথক নিরাপত্তা ব্যবস্থা।

ডিএমপি কমিশনার জানান, বায়তুল মোকাররম জাতীয় মসজিদকে কেন্দ্র করে প্রায় একই ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঈদ জামাত উপলক্ষে নগরীর কিছু কিছু পয়েন্টে ডাইভার্সন দেওয়া হবে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, ‘আমরা আশা করি, এতে নগরবাসীর অসুবিধা হবে না। যেহেতু ঢাকার অন্যদিকে যান চলাচল কম।’

তিনি জানান, জিরো পয়েন্ট ক্রসিং, সরকারি কর্মচারী হাসপাতাল, হাইকোর্ট ক্রসিং, প্রেসক্লাব লিংক রোড, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পেছনের গলি, পল্টন ক্রসিং, পুলিশ কন্ট্রোল রুম গ্যাপ, মৎস্য ভবন ক্রসিং এলাকায় ডাইভার্সন থাকবে। মুসল্লিরা পায়ে হেঁটে ঈদগাহে প্রবেশ করতে পারবেন।

কোনো ধরনের গাড়ি ঈদগাহ এলাকার আশেপাশে যেতে পারবে না বলেও জানান তিনি।

গণপূর্ত ভবনের আঙ্গিনা বা তার ভেতরে, আইইবি (দ্য ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স) ভবন, জিরো পয়েন্ট ক্রসিং, ইউবিএলের উভয় পাশে রাস্তায় এক লাইন পার্কিং করা যাবে। দোয়েল চত্বরের দক্ষিণ-পশ্চিম পাশেও পার্কিং করা যাবে। এছাড়া ফজলুল হক মুসলিম হল থেকে বঙ্গবাজার হকার্স মার্কেট ক্রসিং পর্যন্ত রাস্তার উভয় পাশে পার্কিং থাকবে, মৎস্য ভবন ক্রসিংয়ের পূর্ব দিকে কার্পেট গলি রোড ক্রসিংয়ের পাশে রাস্তার উভয় পাশে পার্কিং থাকবে, মৎস্য ভবন থেকে শাহবাগ ক্রসিংয়ে রাস্তার উভয় পাশে এক লাইনে সরকারি কর্মকর্তা, সমাজের বিশিষ্ট ব্যক্তি ও সাংবাদিকদের জন্য পার্কিং থাকতে পারে, জানান ডিএমপি কমিশনার।

তিনি আরও জানান, জাতীয় ঈদগাহ ময়দানে ব্যাগ, ধারালো বস্তু বা ধার্য পদার্থ নিয়ে আসা যাবে না।

কোনো কিছু সন্দেহজনক মনে হলে নিকটস্থ পুলিশকে বা ৯৯৯ জাতীয় জরুরি সেবা নম্বরে জানানো এবং ঈদ জামাত শেষে তাড়াহুড়া না করে সুশৃঙ্খলভাবে ঈদগাহ ময়দান ত্যাগ করার আহ্বান জানান তিনি।