বাড়তি ভাড়া নেওয়ায় গাজীপুরে ৩ পরিবহনকে ২৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর

গাজীপুরের শ্রীপুর উপজেলায় যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করায় তিনটি পরিবহনকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে প্রশাসন।

আজ শুক্রবার সকালে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সজীব আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মাওনা চৌরাস্তা এলাকায় গত রাতে অভিযান পরিচালনা করা হয়েছে।

‘যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা নেওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে রং তুলি ও ফাইভ স্টার কর্তৃপক্ষকে ১০ হাজার টাকা করে এবং চমক পরিবহনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে,’ বলেন তিনি।

সজীব আরও বলেন, ‘ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকতে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।’

‘আমাদের অভিযান অব্যাহত থাকবে,’ বলেন তিনি।