গাজীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে নিহত ১, আহত ৩
গাজীপুর মহানগরে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
শুক্রবার দিবাগত রাত ১টার দিকে বাসন থানার ১৬ নম্বর ওয়ার্ডের পালেরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত চান মিয়া (৬৫) পালেরপাড়া এলাকার কেতু মিয়ার ছেলে। আহতরা হলেন—চান মিয়ার ভাতিজা মো. জয়নাল, আমেনা ও মুন্নি।
বাসন থানার ওসি হারুন অর রশিদ দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জেরে ওই এলাকার মো. হাসিবকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত। এ সময় জয়নাল ও তার চাচা চান মিয়া হামলাকারীদের বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত আয়াত আলী তার লোকজন ও দেশীয় অস্ত্র নিয়ে জয়নালের বাড়িতে হামলা চালায়।
তারা জয়নাল ও চান মিয়াকে কুপিয়ে গুরুতর জখম করে। বাধা দিতে গেলে পরিবারের সদস্যদের ওপর হামলা চালানো হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে চান মিয়া মারা যান।
ওসি হারুন বলেন, ‘এ ঘটনায় নিহতের ছেলে হোসেন আলী (৪৭) বাদী হয়ে একই এলাকার আমীন মোল্লার ছেলে আয়াত আলীসহ (৪০) ১৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ১০ জনকে আসামি করে হত্যা মামলা করেছেন।’
তিনি আরও জানান, ঘটনার পর নিহতের মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আহতদের একই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।