অভয়নগরে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
যশোরের অভয়নগরে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে উপজেলার নূরবাগ এলাকার স্বাধীনতা স্কয়ার সংলগ্ন একটি ইজিবাইক স্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম নুরুজ্জামান দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত ফারুক হোসেন (৩৫) কেশবপুর উপজেলার গহরভাঙ্গা গ্রামের আনসার উদ্দিনের ছেলে।
তিনি অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কাছে বাবা ও বোনের সঙ্গে ভাড়া বাড়িতে থাকতেন।
ওসি নুরুজ্জামান জানান, একদল যুবক চোর সন্দেহে ইজিবাইক স্ট্যান্ডের ভেতরে ফারুককে মারধর করে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মারিয়াম মুনমুন বলেন, ‘পুলিশ তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’
ফারুকের বোন তাসনিয়া তাসিন তিশা দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমার বড় ভাই মানসিকভাবে অসুস্থ ছিলেন। চিকিৎসার পর কিছুটা সুস্থ হলেও পরে তিনি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। পুলিশের কাছে সোপর্দ না করে তাকে পিটিয়ে হত্যা করা দুঃখজনক।’