এস আলম গ্রুপের ১১ কর্ণধারের ৫ মাসের কারাদণ্ড
ইসলামী ব্যাংকের পাওনা ৮৪ কোটি ৪৯ লাখ টাকার ঋণ পরিশোধ না করায় এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমসহ ১১ জনের পাঁচ মাসের কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রাম অর্থঋণ আদালত। আসামিরা পলাতক থাকায় তাদের গ্রেপ্তারে সাজা পরোয়ানাও জারি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার চট্টগ্রাম অর্থঋণ আদালত-১ এর বিচারক মো. হেলাল উদ্দিন এ আদেশ দেন বলে নিশ্চিত করেছেন বেঞ্চ সহকারী মো. এরশাদ।
তিনি বলেন, ইসলামী ব্যাংকের খাতুনগঞ্জ শাখার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন।
সাজাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম, তার সহোদর ওসমান গনি, মো. রাশেদুল আলম, আব্দুস সামাদ, সাইফুল আলমের স্ত্রী ফারজানা পারভীন ও ছেলে আহসানুল আলম।
এ ছাড়া, এস আলম গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ওজি ট্রাভেলস লিমিটেডের চেয়ারম্যান গোফরানুল আলম, ব্যবস্থাপনা পরিচালক হাকিম আলী, পরিচালক মো. আব্দুল্লাহ হাসান, ফারজানা বেগম ও শহিদুল আলমও এ মামলার আসামি।
আদালত সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ২০ ডিসেম্বর ১৩৪টি বাস কেনার জন্য ওজি ট্রাভেলস লিমিটেডকে ৮০ কোটির বেশি ঋণ অনুমোদন দেয় ইসলামী ব্যাংক। পরে ২০২৪ সালের ১০ মার্চ থেকে ৮ জুলাই পর্যন্ত আট দফায় খাতুনগঞ্জ শাখার মাধ্যমে ঋণ ছাড় করা হয়। তবে নির্ধারিত বাস সরবরাহ না হওয়ায় পুরো অর্থ ঝুঁকিতে পড়ে।
আদালতের নথি অনুযায়ী, ২০২৫ সালের ২৩ আগস্ট পর্যন্ত সুদসহ ব্যাংকের মোট পাওনা দাঁড়িয়েছে প্রায় ৮৪ কোটি ৪৯ লাখ টাকা।
ইসলামী ব্যাংক ঋণের অর্থ আদায়ে ব্যর্থ হয়ে গত বছরের ২৬ আগস্ট চট্টগ্রাম অর্থঋণ আদালত-১ এ মামলা করে।


