শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ, মাদ্রাসাশিক্ষককে থানায় দিলো এলাকাবাসী

নিজস্ব সংবাদদাতা, সাভার

ঢাকার সাভার উপজেলায় শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে মো. কামরুজ্জামান (৩৬) নামে এক মাদ্রাসাশিক্ষক আটক করেছে পুলিশ।

আজ শনিবার দুপুরে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) ইমরান হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই শিক্ষক বর্তমানে থানা হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পুলিশ জানিয়েছে, কামরুজ্জামান সাভারের কমলাপুর এলাকার একটি মহিলা মাদ্রাসার শিক্ষক। গতকাল বিকেলে ক্লাসরুমে একা পেয়ে তিনি এক শিক্ষার্থীকে যৌন হয়রানি করেন। ওই শিক্ষার্থী বাড়ি ফিরে অভিভাবকদের ঘটনাটি জানায়। আজ সকালে এলাকাবাসী ওই মাদ্রাসা গিয়ে তাকে আটক করে। ঘটনাটি জানার পর পুলিশ তাকে হেফাজতে নেয়।

ওই শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা দায়ের হলে আসামিকে গ্রেপ্তার দেখানো হবে, বলেন পুলিশের এই কর্মকর্তা।