বান্দরবানে শিশু ধর্ষণের অভিযোগে কিশোর আটক
বান্দরবানের থানচিতে পাঁচ বছর বয়সী ত্রিপুরা শিশুকে ধর্ষণের অভিযোগে ১৫ বছর বয়সী এক কিশোরকে আটক করেছে পুলিশ।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার জানান, আজ রোববার সকালে অভিযুক্তকে ধর্ষণ মামলায় আটক করে আদালতে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, শনিবার রাতে ওই শিশুকে নিজ বাড়িতে নিয়ে ধর্ষণ করে অভিযুক্ত কিশোর। সকালে শিশুটি তার মা-বাবাকে বিষয়টি জানালে তাকে তাৎক্ষণিকভাবে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
স্থানীয়রা অভিযুক্ত কিশোরকে আটক করে থানায় হস্তান্তর করলে বিষয়টি ছাত্রসমাজের মধ্যে ছড়িয়ে পড়ে। তারা ধর্ষকের বিচারের দাবিতে থানা ঘেরাও করলে সেখানে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। পরে বিজিবির সহযোগিতায় অভিযুক্ত আসামিকে বান্দরবান জেলা আদালতে পাঠায় পুলিশ।
ওসি কানন সরকার বলেন, ‘আজ সকাল সাড়ে ১০টার দিকে শিশুর অভিভাবক থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত কিশোরকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী শিশুটিকে শারীরিক পরীক্ষা ও প্রাথমিক চিকিৎসার জন্য বান্দরবান জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’