মাথায় ইট দিয়ে আঘাত, ১৩ দিন পর মারা গেলেন সাজিদ
রাজধানীর পূর্ব শেওড়াপাড়া এলাকায় একদল দুর্বৃত্তের ছোড়া ইটের আঘাতে আহত মোটরসাইকেল আরোহী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ রোববার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
আজ সকাল ৭টার দিকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) সাজিদ চৌধুরী রাফি (২১) মারা যান বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন তার মা তানিয়া আক্তার।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেনও তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, গত ৯ জুন রাত সোয়া ১টার দিকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন রাফি। পথে কাফরুল থানার ইব্রাহিমপুর এলাকায় তিনি হামলার শিকার হন। পূর্বশত্রুতার জেরে দুর্বৃত্তরা ইটের দিয়ে তার মাথার ডান পাশে সজোরে আঘাত করে।
ঘটনার একটি সিসিটিভি ফুটেজ (ভিডিও) সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঢাকা ও ময়মনসিংহ থেকে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে পারভেজ (৩০) ও আনোয়ার হোসেন বাবু (৩২) নামের দুজনের পরিচয় জানা গেছে। ঢাকার বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে মাদকসংক্রান্ত একাধিক মামলা রয়েছে।
পুলিশ জানায়, পূর্বশত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে সাজিদের ওপর হামলা চালানো হয়।
গ্রেপ্তারের পর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) মোস্তাক সরকার জানান, পারভেজ আগে রাফিদের বাড়ির ভাড়াটে ছিলেন। পারভেজ ও তার সহযোগীদের মাদক ব্যবসা নিয়ে রাফির সঙ্গে তাদের বিরোধ ছিল। এ নিয়ে রাফিকে হুমকি দিয়েছিল পারভেজ ও তার সহযোগী ফয়সাল ওরফে কালু।
পুলিশের দেওয়া তথ্যমতে, পূর্বপরিকল্পনা অনুযায়ী ঘটনার দিন রাত সোয়া একটার দিকে পারভেজ, কালু, বাবু ও তাদের আরেক সহযোগী আমিন পূর্ব শেওড়াপাড়া বাসস্ট্যান্ডের কাছে অবস্থান নেন। রাফি মোটরসাইকেলে সেখানে পৌঁছালে তার পথ আটকে মাথার ডান পাশে ইট দিয়ে আঘাত করা হয়।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, হামলার পর দুর্বৃত্তরাই আহত রাফিকে একটি অটোরিকশায় তুলে দেয়। এ সময় তাদের একজন রাফির মোটরসাইকেলটি নিয়ে যায়।
পুলিশ আরও জানায়, হামলাকারীরা সে সময় স্থানীয় মানুষকে বিভ্রান্ত করতে বলেছিল যে একটি নির্মাণাধীন ভবন থেকে রাফির মাথায় ইট পড়েছে।