ময়মনসিংহে শিশু ধর্ষণ-হত্যা: ৯ দিনের মাথায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট

নিজস্ব সংবাদদাতা, ময়মনসিংহ

ময়মনসিংহে পাঁচ বছর বয়সী এক শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার ঘটনায় মামলা দায়েরের ৯ দিনের মধ্যে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ।

ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ৪ আসামির বিরুদ্ধে এ অভিযোগপত্র দাখিল করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা ও ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গত ১৪ জুন স্থানীয়রা কংস নদের তীরে শিশুটির মরদেহ দেখতে পান। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন। পরে সেদিন রাত দিবাগত সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পরদিন শিশুটির বাবা বাদী হয়ে ধোবাউড়া থানায় সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার অভিযোগে মামলা করেন।

এরপর পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে একই এলাকার মারুফ (১৯), আরিফ (১৯), রাকিব (২১) ও সাঈমকে (১৯) গ্রেপ্তার করে।

ওসি শফিকুল ইসলাম বলেন, এ মামলার তদন্ত দ্রুত শেষ করার উদ্যোগ নেয় পুলিশ। ময়নাতদন্ত ও ডিএনএ প্রতিবেদন পাওয়ার পর মঙ্গলবার চার্জশিট প্রস্তুত করা হয়।

তিনি বলেন, সন্ধ্যা ৬টার দিকে জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৪ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেওয়া হয়।

ওসি আরও জানান, আসামিদের গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে পুলিশ ঘটনার বিস্তারিত তথ্য জানতে পারে। পরে চার আসামিকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তনয় সাহার আদালতে হাজির করা হলে তারা ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।