লোডশেডিং: চাঁদপুরে পল্লী বিদ্যুতের কর্মীকে মারধর ও আটকে রাখার অভিযোগ

সংবাদদাতা, চাঁদপুর

চাঁদপুরের ফরিদগঞ্জে লোডশেডিং ও অতিরিক্ত বিদ্যুৎ বিলের কারণে ক্ষুব্ধ হয়ে পল্লী বিদ্যুতের এক কর্মীকে মারধর ও আরেক কর্মীকে আটকে রাখার অভিযোগ পাওয়া গেছে।

উপজেলার চির্কা গ্রামে পল্লীবিদ্যুৎ উপকেন্দ্রে গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে।

পরে উপজেলার ধানুয়া গ্রাম থেকে বিদ্যুৎকর্মী মো. আব্দুল কাদেরকে উদ্ধার করে বিদ্যুৎ বিভাগ। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

ফরিদগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আল আমিন দ্য ডেইলি স্টারকে অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ফরিদগঞ্জ জোনাল কার্যালয়ের আওতায় চির্কা উপকেন্দ্রে মঙ্গলবার সকালে লাইনম্যানের দায়িত্ব পালন করছিলেন মো. ইব্রাহিম ও মো. আব্দুল কাদের। সকাল সাড়ে ১০টার দিকে একদল লোক উপকেন্দ্রে ঢুকে প্রথমে ইব্রাহিমকে মারধর করে।

পরে তারা আব্দুল কাদেরকে তুলে নিয়ে উত্তর ধানুয়া গ্রামে আটকে রাখে। বিষয়টি জানার পর পল্লী বিদ্যুতের সহকারী জেনারেল ম্যানেজার মোহাম্মদ নাজির উল্লাহ স্থানীয় কয়েকজনের সহায়তায় সমঝোতা বৈঠক করে লাইনম্যান আব্দুল কাদেরকে উদ্ধার করেন।

এ ঘটনায় পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. সাইফুল আলম বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেন।

স্থানীয় বাসিন্দা মেহেদী হাসান মঞ্জু দ্য ডেইলি স্টারকে বলেন, 'এলাকায় পল্লী বিদ্যুতের তীব্র লোডশেডিং চলছে। কোনো নোটিশ ছাড়াই ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ থাকে না, অথচ বিল আসে অতিরিক্ত। অভিযোগ কেন্দ্রে ফোন দিলে তারা খারাপ আচরণ করে। ঘটনার দিন স্থানীয়রা উপকেন্দ্রে গেলে লাইনম্যান আব্দুল কাদের সবার সঙ্গে দুর্ব্যবহার করেন। এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা তাকে ধরে নিয়ে আসে।'

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান শাহ আলম শেখ বলেন, 'পল্লী বিদ্যুৎ সাম্প্রতিক সময়ে যে পরিমাণ লোডশেডিং ও অতিরিক্ত বিল করছে, তাতে সাধারণ মানুষের ক্ষোভ তৈরি হওয়া স্বাভাবিক।'

জানতে চাইলে পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. সাইফুল আলম বলেন, 'ঘটনাটি নিয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছি। এর বাইরে আমার আর কিছু বলার নেই।'

পুলিশ পরিদর্শক আল আমিন বলেন, 'পল্লী বিদ্যুৎ কর্মীকে মারধর ও আটকে রাখার একটি লিখিত অভিযোগ আমরা পেয়েছি। বিষয়টি তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।'