এনসিপির সমাবেশস্থলে বিদ্যুৎ যাওয়ার কারণ জানাল পল্লী বিদ্যুৎ

নিজস্ব সংবাদদাতা, সাভার

এক গ্রাহকের ট্রান্সফরমারে শর্ট সার্কিট হয়ে আগুন লাগার কারণে এনসিপির সমাবেশস্থলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় বলে জানিয়েছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩। 

সমাবেশস্থলে বিদ্যুৎ বিভ্রাটের কারণ জানতে চাইলে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর জেনারেল ম্যানেজার মো. মামুন অর রশিদ আজ মঙ্গলবার দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।

তিনি বলেন, যে ফিডার থেকে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছিল, সেই ফিডারের আওতাধীন এক গ্রাহকের ট্রান্সফরমারে আগুন লাগে। এতে আর্থ ফল্ট সৃষ্টি হলে সাবস্টেশন থেকে স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

তিনি আরও বলেন, তাদের রেকর্ড অনুযায়ী, বিদ্যুৎ সরবরাহ বন্ধ হওয়ার কারণ হিসেবে 'ফেজ-টু-গ্রাউন্ড ফল্ট' শনাক্ত হয়েছে এবং এ সংক্রান্ত তথ্য সিস্টেমে সংরক্ষিত রয়েছে।

মামুন অর রশিদ জানান, প্রায় ২৪ মিনিট পর ওই গ্রাহক বিদ্যুৎ না থাকার বিষয়টি জানিয়ে ফোন করেন। এরপর পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ পুনরায় বিদ্যুৎ সরবরাহ চালু করে।

তিনি বলেন, আজ ঘটনাস্থলে গিয়ে দেখেছি, সেখানে এখনও ত্রুটি রয়েছে। ঘটনাস্থলের কাছাকাছি ভাগলপুর এলাকায় ওই ত্রুটির অবস্থান ছিল।

পল্লী বিদ্যুতের এই কর্মকর্তা আরও বলেন, যেখানে জনসভা হচ্ছিল, সে বিষয়ে আমাদের আগে থেকে কোনো তথ্য দেওয়া হয়নি। বিদ্যুৎ চলে যাওয়ার পরও আয়োজকদের পক্ষ থেকে কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করেননি বা সেখানে অনুষ্ঠান চলছিল বলে জানাননি।

ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকরী বাহিনীর সদস্যরা তাদের সঙ্গে যোগাযোগ করেছেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) কর্মকর্তারা তাদের সঙ্গে কথা বলেছেন এবং সংরক্ষিত রেকর্ড পর্যালোচনা করেছেন।

তার ভাষ্য, আমাদের কাছে সব রেকর্ড সংরক্ষিত রয়েছে। আমরা যদি ইচ্ছাকৃতভাবে ফিডার বন্ধ করতাম, তাহলে আমাদের কর্মীদের সেখানে গিয়ে তা করতে হতো। পুরো ঘটনার সিসিটিভি ফুটেজ এবং প্রয়োজনীয় তথ্য-প্রমাণও আমাদের কাছে রয়েছে।