পুলিশ ফাঁড়ি থেকে হাতকড়াসহ রাতে আসামির পলায়ন, সকালে গ্রেপ্তার
ঝিনাইদহের কোটচাঁদপুরে গ্রেপ্তারের পর হাতকড়া পরা অবস্থায় পুলিশ ফাঁড়ি থেকে পালিয়ে যাওয়া আসামিকে সকালে আবার গ্রেপ্তার করেছে পুলিশ।
আসামি ফরিদ হোসেনকে (২৮) আজ শনিবার সকালে উপজেলার সাফদারপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ বিল্লাল হোসেন দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, উপজেলার চুয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা ফরিদ হোসেনের বিরুদ্ধে চুরি ও মারধরের মামলা করেছিলেন তার মা। তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
গতকাল শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার ভোমরাডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে সাফদারপুর পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল কুদ্দুস ফরিদ হোসেন।
পরে তাকে হাতকড়া পরিয়ে সাফদারপুর পুলিশ ফাঁড়িতে রাখা হয়। রাতের কোনো একসময় তিনি সেখান থেকে পালিয়ে যান বলে জানায় পুলিশ।
পরে পুলিশ অভিযান শুরু করে এবং সারারাত অভিযান চালিয়ে আজ সকালে সাফদারপুর এলাকাতেই এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে আবার গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন বলেন, 'ফাঁড়ি থেকে পালিয়ে যাওয়া আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পালানোর ঘটনায় তার বিরুদ্ধে নতুন একটি মামলা হয়েছে। আসামিকে আদালতে পাঠানো হয়েছে।'
এছাড়া, দায়িত্বে অবহেলার অভিযোগে সাফদারপুর পুলিশ ফাঁড়ির এক কনস্টেবলের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।