স্কুলশিক্ষার্থীকে ধর্ষণে সহযোগিতার অভিযোগে কিশোর গ্রেপ্তার, মূল অভিযুক্ত পলাতক

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোণা

নেত্রকোণার মোহনগঞ্জে ষষ্ঠ শ্রেণির এক স্কুলশিক্ষার্থীকে ধর্ষণে সহযোগিতার অভিযোগে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত পলাতক।

আজ শনিবার মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পলাতক জয় মিয়ার (২২) বাড়ি সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার খসিদপুর গ্রামে এবং পেশায় তিনি অটোরিকশাচালক। গ্রেপ্তার কিশোরের (১৭) বাড়ি একই উপজেলার বাকরপুর গ্রামে।

পুলিশ জানায়, মেয়েটির বাবা শুক্রবার রাতে মোহনগঞ্জ থানায় মামলা করেছেন। মামলায় জয় মিয়ার বিরুদ্ধে ধর্ষণ এবং কিশোরের বিরুদ্ধে ধর্ষণে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে।

এজাহারে বলা হয়, শুক্রবার দুপুরে ওই কিশোরের সহযোগিতায় অটোচালক জয় মিয়া মেয়েটিকে ধর্ষণ করে। মেয়েটি পরে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে জানায়।

ওসি মো. হাফিজুল জানান, শুক্রবার বিকেলেই মোহনগঞ্জের নওহাল এলাকায় শিশুপার্ক থেকে ওই কিশোরকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতে পাঠানো হয়েছে।

মূল অভিযুক্ত জয় মিয়াকে গ্রেপ্তারে সর্বাত্মক চেষ্টা চলছে বলে জানান ওসি।