গোপালগঞ্জে পুলিশ পরিচয়ে প্রতারণার চেষ্টা, যুবক আটক
গোপালগঞ্জের মুকসুদপুরে পুলিশ পরিচয়ে বাড়িতে ঢুকে ভয়ভীতি প্রদর্শন ও প্রতারণার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।
আটক রাকিব শেখ (৩০) উপজেলার ননীক্ষীর ইউনিয়নের বড় ভাট্রা গ্রামের বাসিন্দা।
আজ শনিবার বিকেলে ওই ইউনিয়নের বনগ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়।
সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. খন্দকার আওরঙ্গজেব দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘বনগ্রামের বাসিন্দা ঘাঘর বালার বাড়িতে ঢুকে ভয়ভীতি প্রদর্শনের সময় রাকিবকে আটক করে স্থানীয়রা। খবর পেয়ে আমরা তাকে হেফাজতে নেই। তার কাছ থেকে একটি খেলনা পিস্তল, একটি হ্যান্ডকাফ, একটি পুলিশের জ্যাকেট ও একটি চাকু জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।