ময়মনসিংহে ঘরে ঢুকে যুবককে গলা কেটে হত্যা: গ্রেপ্তার ৪

নিজস্ব সংবাদদাতা, ময়মনসিংহ

ময়মনসিংহে এক যুবকের ঘরে ঢুকে গলা কেটে হত্যার ঘটনায় চার ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

আজ সোমবার শহরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গতকাল সকাল সাড়ে ১১টার দিকে নগরীর রামকৃষ্ণ মিশন রোড এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত রাজীব আহম্মেদ রুবেল (৩৫) ওরফে কাইল্যা রুবেল ওই এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন।

গ্রেপ্তাররা হলেন—রহমত (৩০), জনি (২৮), রকি (২৬), ইমরাজ (১৮)।

পিবিআই ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

রুবেলের বাবা আব্দুল হামিদ বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ ও ৩-৪ জনকে অজ্ঞাতনামা আসামি করে কোতোয়ালী মডেল থানায় হত্যা মামলা করেন।

এসপি মিজানুর জানান, তথ্য প্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে একদিনের মধ্যেই মূল অভিযুক্তদের গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। আজ বিকেলে তাদের আদালতে উপস্থাপন করা হয়। এজাহারভুক্ত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।