যশোরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
যশোরের বাঘারপাড়া উপজেলায় রুবেল হোসেন (৩৮) নামে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। উপজেলার খাজুরা ফিলিং স্টেশনের সামনে আজ সোমবার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত রুবেল হোসেন বাঘারপাড়া উপজেলার ধন্যপাড়া গ্রামের মৃত মুনতাজ ঢালীর ছেলে। তিনি বন্দভিলা ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন বলে জানান যশোর জেলা যুবদলের সভাপতি এম তমাল হোসেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কোনো কিছু বুঝে ওঠার আগেই রুবেলের ওপর অতর্কিত হামলা চালানো হয়। একই এলাকার আবদুর রবের ছেলে রাব্বি ধারালো অস্ত্র দিয়ে রুবেলকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন রুবেলকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য তার মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জালাল আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং হত্যাকাণ্ডের পেছনের কারণ জানতে তদন্ত চলছে।
তিনি আরও জানান, প্রধান অভিযুক্ত রাব্বিকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।