‘সন্দেহজনক ব্যাগ’ পাওয়ায় মিরপুর-১০ মেট্রোস্টেশন বন্ধ, ফার্মগেটে ‘বস্তা’

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের প্রথম তলায় একটি সন্দেহজনক ব্যাগ পাওয়া যাওয়ায় স্টেশনটি সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

একই সময়ে ফার্মগেট মেট্রোরেল স্টেশনের কাছেও একটি সন্দেহজনক বস্তা পাওয়া যাওয়ায় সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) মোস্তাক আহমেদ দ্য ডেইলি স্টারকে বলেন, মেট্রোরেল কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে আজ শনিবার দুপুর ১২টার দিকে পুলিশ মিরপুর-১০ স্টেশন ঘিরে ফেলে।

তিনি বলেন, ‘স্টেশনটি দুপুর ১টা ১০ মিনিটে বন্ধ করে দেওয়া হয়। সর্বশেষ দুপুর ১টা ২৫ মিনিট পর্যন্ত সেটি বন্ধ ছিল।’

ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সন্দেহজনক ব্যাগটি পরীক্ষা শুরু করেছে।

মোস্তাক আহমেদ বলেন, ‘বোম্ব ডিসপোজাল ইউনিট পরীক্ষা-নিরীক্ষা করার পরই নিশ্চিত হওয়া যাবে, এটি বোমা নাকি অন্য কিছু।’

এদিকে ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ইবনে মিজান ডেইলি স্টারকে জানান, ফার্মগেট মেট্রোরেল স্টেশনের কাছে একটি পিলারের পাশে আরেকটি সন্দেহজনক বস্তা দেখা গেছে।

তিনি বলেন, ‘বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা পরীক্ষা করার পরই ভেতরে কী রয়েছে, তা নিশ্চিত করে বলা যাবে।’