নরসিংদীতে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত, মা ও ভাই আহত

নিজস্ব সংবাদদাতা, নরসিংদী

নরসিংদীর শিবপুরে ছেলের ছুরিকাঘাতে এক ব্যক্তির প্রাণ গেছে। এ সময় তার স্ত্রী ও আরেক ছেলে আহত হয়েছেন।

আজ শুক্রবার ভোরে উপজেলার ভরতেরকান্দি পূর্বপাড়া গ্রামে তাদের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

নিহত ব্যক্তির নাম আব্দুল বাছেদ মিয়া (৬৫)। তিনি ওই গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে। ঘটনার পর তার ছেলে শাকিল চৌধুরী (৩৫) পালিয়ে গেছেন। তিনি পেশায় নির্মাণ শ্রমিক।

পুলিশ ও পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, বৃহস্পতিবার রাতে আব্দুল বাছেদ ও তার ছেলে শাকিল একই কক্ষে ঘুমিয়ে ছিলেন। ভোরে চিৎকার শুনে পাশের কক্ষে থাকা পরিবারের সদস্যরা গিয়ে দেখতে পান, শাকিল তার বাবাকে ছুরিকাঘাত করছেন।

এ সময় বাধা দিতে গেলে শাকিল তার মা সখিনা বেগম ও ভাই নুরুন্নবী রাশেদকেও কুপিয়ে আহত করেন। পরে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। গুরুতর আহত আব্দুল বাছেদ ঘটনাস্থলেই মারা যান।

পরিবারের সদস্যরা জানান, আব্দুল বাছেদের সঙ্গে তার ছেলের কোনো পারিবারিক বিরোধ ছিল না।

ঘটনার খবর পেয়ে শিবপুর মডেল থানার পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

আহত সখিনা বেগম ও নুরুন্নবী রাশেদ নরসিংদী সদর হাসপাতালে ভর্তি আছেন।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া বলেন, এ ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন। হত্যার কারণ জানার পাশাপাশি অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।