জামিন আবেদন নাকচ, রিমান্ড শেষে কারাগারে আখতারুজ্জামান

স্টার অনলাইন রিপোর্ট

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্বরত এক নিরাপত্তা কর্মকর্তাকে লাঞ্ছিত করা, সরকারি কাজে বাধা ও বিশৃঙ্খলা সৃষ্টির মামলায় সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

এক দিনের রিমান্ড শেষে আজ রোববার তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) মুহাম্মদ শামসুদ্দোহা সুমন জানান, ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামশেদ আলম এই আদেশ দেন। আখতারুজ্জামানের পক্ষে জামিন আবেদন করা হলে তা নাকচ করেন বিচারক।

এর আগে, গতকাল তাকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

গত শুক্রবার আখতারুজ্জামানের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলাটি করেন শাহজালালের নিরাপত্তা কর্মকর্তা মোহাম্মদ শাহরিয়ার আলম সজীব। ওই দিনই ঢাকা সেনানিবাস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

মামলার এজাহার অনুযায়ী, গত বৃহস্পতিবার সকাল ১০টা ৪০ মিনিটের দিকে বিমানবন্দরের ব্যাগেজ বেল্ট এলাকায় ঘটনাটি ঘটে। মদিনা থেকে আসা বিমানের যাত্রীদের লাগেজ পেতে দেরি হচ্ছিল। পাশাপাশি ট্রলি-সংকটের কারণে যাত্রীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

এতে আরও বলা হয়, যাত্রীরা উত্তেজিত হয়ে পড়লে ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদকে ঘটনাস্থলে যেতে বলেন।

রাগীব সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে আখতারুজ্জামান একপর্যায়ে উত্তেজিত হয়ে পড়েন, তার দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে এগিয়ে যান এবং গালিগালাজ করেন।

এতে আরও বলা হয়, আখতারুজ্জামান নির্বাহী পরিচালককে পেটানো এবং ‘ঘাড় ধরে’ বের করে দেওয়ার হুমকি দেন। তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীকে নিয়েও আপত্তিকর মন্তব্য করেন।

এজাহারে বলা হয়, আখতারুজ্জামানের সঙ্গে থাকা লোকজন বিমানবন্দরের সংরক্ষিত গুরুত্বপূর্ণ স্থাপনার (কেপিআই) ভেতরে মোবাইল ফোনে ভিডিও ধারণ করতে শুরু করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

দায়িত্বরত নিরাপত্তা সুপারভাইজার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল উদ্দিন তাদের সংরক্ষিত এলাকায় ভিডিও ধারণ করতে নিষেধ করলে আখতারুজ্জামান তাকে গালিগালাজ করেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

মামলায় আরও অভিযোগ করা হয়, আখতারুজ্জামান অন্যান্য যাত্রীদের সংগ্রহ করা জমজমের পানির বোতল ট্রলি থেকে ফেলে দিয়ে ক্ষতিসাধন করেন এবং বিমানের একজন প্রতিনিধির সঙ্গেও আক্রমণাত্মক আচরণ করেন।

বাদী উল্লেখ করেন, এই ঘটনা একটি সংবেদনশীল এবং সংরক্ষিত স্থাপনায় কর্মকর্তাদের দায়িত্ব পালনে বাধা সৃষ্টি এবং বিমানবন্দরের স্বাভাবিক শৃঙ্খলা ও নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঝুঁকি তৈরি করে।

উল্লেখ্য, কিশোরগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান গত বছরের ডিসেম্বরে বিএনপি থেকে জামায়াতে যোগ দেন। এর আগে বিএনপি থেকে অন্তত ৫ বার বহিষ্কার করা হয় তাকে।