রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর-লুটের ঘটনায় যুবদল নেতা গ্রেপ্তার: পুলিশ
রাজধানীর মিরপুর-১ নম্বর সেকশনে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার তরিকুল ইসলাম ১১ নম্বর ওয়ার্ড যুবদলের নেতা ও মিরপুরের কল্যাণপুর পোড়া বস্তি এলাকার বাসিন্দা বলে জানায় পুলিশ।
আজ রোববার মিরপুর থানার পরিদর্শক (অপারেশনস) মিজানুর রহমান জানান, চাঁদাবাজির অভিযোগে ভোররাত ৩টার দিকে তরিকের বিরুদ্ধে মামলা করা হয়।
দ্য ডেইলি স্টারকে তিনি বলেন, ‘তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।’
পরিদর্শক মিজানুর আরও জানান, তরিকুল ওয়ার্ড যুবদলের নেতা হিসেবে পরিচয় দিতেন। তার বিরুদ্ধে দখল ও চাঁদাবাজির অভিযোগে আগে থেকে দুটি মামলা আছে।
গত ২৪ সেপ্টেম্বর ভোররাতে মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলার ঘটনা ঘটে।
অভিযোগ অনুসারে, মুখোশ পরে দেশীয় অস্ত্র হাতে দুই শতাধিক মানুষ স্বাস্থ্যকেন্দ্রে প্রবেশ করে প্রথমেই দুজন নিরাপত্তারক্ষীকে জিম্মি করে।
হামলাকারীরা ভারী যন্ত্রপাতি দিয়ে পুরো স্থাপনাটি গুঁড়িয়ে দেওয়ার আগে মূল্যবান সরঞ্জাম, ওষুধ, টিকা, নগদ অর্থ ও অন্যান্য জিনিসপত্র লুট করে।
এ ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।