ধানমন্ডিতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কলেজ শিক্ষার্থী নিহত: গ্রেপ্তার ৩
রাজধানীর ধানমন্ডিতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে শিক্ষার্থী আদনান সাইদ রাকিবের নিহতের ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-রমনা বিভাগ।
আজ মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ এ তথ্য জানান।
এ ঘটনায় মো. সুমন ভূঁইয়া (২৫) এবং আরও দুই কিশোরকে আটক করা হয়। তাদের কাছ থেকে চাকু, অটোরিকশা ও ছিনতাইকৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে জানায় ডিবি।
গত ১৬ জুলাই রাত সাড়ে ৯টায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আদনান সাঈদ রাকিব (১৮)।
ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিবি বলেন, আদনান ও তার বন্ধু রাইয়ান রাতে ধানমন্ডিতে রবীন্দ্র সরোবরে চা খাওয়ার জন্য গিয়েছিলেন। ফেরার পথে রাত ১১টার দিকে মিরপুর রোড সংলগ্ন শেখ জামাল মাঠের পূর্বপাশে নার্সারির সামনে এলে ৪ জন ছিনতাইকারী তাদের গতিরোধ করে মোবাইল ফোন ও মানিব্যাগ দিতে বলে। রাইয়ান তার মোবাইল ফোন দিয়ে দৌঁড়ে পালিয়ে যায়। আদনান মোবাইল ফোন না দিতে চাইলে ছিনতাইকারীরা চাকু দিয়ে গুরুতর আঘাত করে তার মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
গুরুতর আহত অবস্থায় আদনান রাস্তায় পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আদনানের বাবা ধানমন্ডি মডেল থানায় মামলা করেছেন।