কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ভোটের সরঞ্জাম
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সারাদেশের ভোটকেন্দ্রগুলোতে ব্যালট বাক্সসহ বিভিন্ন সরঞ্জাম বিতরণ শুরু করেছে নির্বাচন কমিশন।
কমিশনের পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী, ঢাকাসহ অন্যান্য বড় শহরের ভোটকেন্দ্রগুলোতে সন্ধ্যার মধ্যেই ব্যালট বাক্স পৌঁছে যাওয়ার কথা রয়েছে।
ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজে স্থাপিত একটি বিতরণকেন্দ্র পরিদর্শনকালে আমাদের আলোকচিত্রী দেখেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আনসার সদস্যদের সঙ্গে সংশ্লিষ্ট কেন্দ্রের ভোটগ্রহণ কর্মকর্তারা নিজ নিজ সরঞ্জাম গ্রহণের অপেক্ষায় রয়েছেন।
সরঞ্জাম গ্রহণের পর এক সহকারী প্রিসাইডিং কর্মকর্তা জানান, তারা সকালে এসে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করেছেন।
তিনি বলেন, ‘সরঞ্জাম গ্রহণের পর আমরা চেকলিস্ট মিলিয়ে দেখছি, তালিকা অনুযায়ী সবকিছু ঠিক আছে কিনা। এরপর এগুলো ভোটকেন্দ্রে নিয়ে গিয়ে আগামীকালের ভোটের প্রস্তুতি হিসেবে আজই বুথ স্থাপন করব।’
ঢাকার আরও কয়েকটি কেন্দ্র এবং দেশের বিভিন্ন জেলায় একইভাবে সরঞ্জাম বিতরণ কার্যক্রম চলছে।
সাধারণ নির্বাচন ও গণভোট, উভয়ের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল বৃহস্পতিবার। ভোটকেন্দ্রগুলো সকাল ৭টা ৩০ মিনিটে খুলবে এবং বিকেল ৪টা ৩০ মিনিটে বন্ধ হবে।
দেশের ৩০০টি আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। জামায়াতের এক প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর–৩ আসনের ভোট স্থগিত করা হয়েছে।