স্থানীয় নির্বাচনে সংসদ নির্বাচনের মান বজায় থাকবে: সিইসি

স্টার অনলাইন রিপোর্ট

স্থানীয় সরকার নির্বাচন করা ‘চ্যালেঞ্জিং’ হলেও নির্বাচনে কোনো ঘাটতি থাকবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

তিনি বলেছেন, 'এ নির্বাচন আয়োজন করতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা প্রয়োজন। ইলেকশনটা চ্যালেঞ্জিং হবে ডেফিনেটলি, নো ডাউট। কিন্তু এই চ্যালেঞ্জ মোকাবিলার সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছি।'

আজ বৃহস্পতিবার রাজধানীর গুলশানে আয়োজিত এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন সিইসি নাসির।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে প্রতিবেদন প্রকাশ করতে এ অনুষ্ঠানের আয়োজন করে পর্যবেক্ষক সংস্থা এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস।

অনুষ্ঠানে সিইসি বলেন, 'ইলেকশন কমিশনে আমরা কারও পক্ষেও না, কারও বিপক্ষেও না। আমরা সবার জন্য একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে চাই, যেখানে মানুষ ভোট দিতে পারবে।'

স্থানীয় সরকার নির্বাচনের চ্যালেঞ্জের উল্লেখ করে তিনি বলেন, 'এখন আমাদের সামনে বিরাট চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে স্থানীয় সরকার নির্বাচন। চার হাজার ৫৮১ ইউনিয়ন, ৪৯৫ উপজেলা, ৬১ জেলা, ১৩ সিটি করপোরেশন, ৩৩০ পৌরসভা নির্বাচন করতে হবে। এগুলো বড় কাজ। কিন্তু আমাদের চেষ্টার কোনো ঘাটতি থাকবে না।'

'গণতন্ত্র শুধু জাতীয় পর্যায়ে হয় না' উল্লেখ করে নাসির উদ্দিন বলেন, 'দেশের স্বার্থে, সবার স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে গণতন্ত্র তৃণমূলে যেতে হবে। তৃণমূলে গণতন্ত্র আরও বেশি গুরুত্বপূর্ণ কারণ তারা সরাসরি সেবা দেন মানুষকে।'

'আমরা জাতীয় নির্বাচনের একই মানে স্থানীয় সরকার নির্বাচন করব,' যোগ করেন তিনি।

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে একটি সংস্থার তথ্য ‍তুলে ধরে সিইসি বলেন, ২০১৬ সালে স্থানীয় সরকার নির্বাচনে ২৩৬ জন নিহত হয়েছেন। ২০২১ সালে ইউনিয়ন নির্বাচনে ১১৬ জন নিহত হয়েছেন।

'স্থানীয় সরকার নির্বাচনে মারামারি থামাতে হবে। এই জিনিস থামানো বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। আমরা কোনো রক্তপাত চাই না। সবাইকে একত্রিত করে চেষ্টা করব যেন সংঘাত এড়িয়ে সুন্দর স্থানীয় সরকার নির্বাচন আমরা দিতে পারি,' বলেন তিনি।

তিনি বলেন, 'বিশেষ করে দলগুলোর সহযোগিতা খুবই দরকার। রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া সংঘাতহীন স্থানীয় সরকার নির্বাচন সম্ভব না।'