৩০ দিনের মধ্যে চিকিৎসকদের সময়মতো উপস্থিতি নিশ্চিত করার প্রতিশ্রুতি স্বাস্থ্যমন্ত্রীর
কর্মস্থলে চিকিৎসকদের সময়মতো উপস্থিতি আগামী ৩০ দিনের মধ্যে নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
আজ বুধবার সচিবালয়ে নিজ কার্যালয়ে তিনি সাংবাদিকদের বলেন, তাদের (চিকিৎসকদের) সময়মতো অফিসে উপস্থিত থাকতে হবে....আমি ৩০ দিনের মধ্যে এটি নিশ্চিত করব।
তিনি বলেন, হাসপাতালে আমি আকস্মিক ভিজিট করব এবং যদি চিকিৎসকরা ঠিক সময়ে না আসেন, তবে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
মন্ত্রী বলেন, তার প্রথম অগ্রাধিকার হবে মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করা। এই মন্ত্রণালয় দুর্নীতিমুক্ত হওয়া উচিত এবং অবশ্যই থাকবে...আমি সিন্ডিকেট উচ্ছেদ করব।
বিদ্যমান কাঠামোকে পূর্ণাঙ্গভাবে ব্যবহার করার পাশাপাশি নতুন সরকার জনগণের জন্য, বিশেষ করে গ্রামীণ এলাকায় স্বাস্থ্যসেবা সহজলভ্য করার জন্য নতুন কাঠামো তৈরি করবে।
এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, অনিবার্য না হলে তিনি বিদেশে চিকিৎসা নেবেন না।
তিনি বলেন, আমরা বিদেশে চিকিৎসা নিতে মানুষকে নিরুৎসাহিত করার জন্য স্বাস্থ্যসেবার মান উন্নত করতে চাই।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রিধারী সাখাওয়াত নরসিংদী-৪ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন এবং গতকাল তাকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। আজ একই মন্ত্রণালয়ে তার সঙ্গে প্রতিমন্ত্রী হিসেবে যোগ দিয়েছেন এম এ মুহিত।