ভারতীয় ভিসা কার্যক্রম পর্যায়ক্রমে স্বাভাবিক হবে: সহকারী হাইকমিশনার

নিজস্ব সংবাদদাতা, সিলেট

সব ধরনের ভারতীয় ভিসা কার্যক্রম পর্যায়ক্রমে স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে বলে জানিয়েছেন সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস।

তিনি বলেন, ‘বর্তমানে মেডিকেল ও ডাবল-এন্ট্রি ভিসা দেওয়া হচ্ছে। ভ্রমণ ভিসাসহ অন্যান্য ক্যাটাগরির ভিসা চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে।’

গতকাল বুধবার সিলেট জেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে ভিসা প্রদানে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন তিনি।

অনিরুদ্ধ দাস বলেন, ‘ভারত–বাংলাদেশ সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা ও সম্মানের ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। দুই দেশের জনগণই স্থিতিশীল, ইতিবাচক, গঠনমূলক, দীর্ঘমেয়াদি এবং পারস্পরিক কল্যাণকর সম্পর্কে প্রধান অংশীদার।’

তিনি আরও বলেন, ‘আমাদের ভৌগোলিক ও সাংস্কৃতিক নৈকট্য, ক্রমবর্ধমান অর্থনৈতিক সক্ষমতা এবং ভবিষ্যৎ আকাঙ্ক্ষাকে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নতুন সম্ভাবনায় রূপ দিতে হবে।’

মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা সিলেট ও ভারতের উত্তর–পূর্বাঞ্চলের মধ্যে বাণিজ্য সম্ভাবনা, শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় এবং যোগাযোগ সম্প্রসারণের সুযোগ ও চ্যালেঞ্জ তুলে ধরেন।

সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন। বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা এতে উপস্থিত ছিলেন।