আবারও রাষ্ট্রপতির প্রেস সচিব সরওয়ার আলম
রাষ্ট্রপতির প্রেস সচিব হিসেবে আবারও নিয়োগ পেয়েছেন মো. সরওয়ার আলম।
আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সরকারি চাকরি আইন অনুযায়ী অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম সম্পর্ক পরিত্যাগের শর্তে অবসরপ্রাপ্ত সচিব সরওয়ার আলমকে এক বছর মেয়াদে রাষ্ট্রপতির প্রেস সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।
যোগদানের তারিখ থেকে সারওয়ার আলমের চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
এর আগে ২০২৪ সালের ২৩ ডিসেম্বর দুই বছরের জন্য চুক্তিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের প্রেস সচিব নিয়োগ পান অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব সরওয়ার আলম। সচিব পদমর্যাদায় তাকে এই নিয়োগ দেওয়া হয়েছিল। পরে তাকে সরিয়ে দেওয়া হয়।
বিসিএস ৮৫ ব্যাচের তথ্য ক্যাডারের কর্মকর্তা সরওয়ার আলম সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপ-প্রেস সচিব ছিলেন। তিনি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সচিব (জনসংযোগ) দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ ও কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব) ছিলেন।
২০২২ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) পরিচালক (যুগ্ম সচিব) থাকার সময় তিনি অবসরোত্তর ছুটিতে যান ও অবসরে যান ২০২৩ সালে।