ফিফা বিশ্বকাপ ২০২৬

লকার রুমে ইরানের আবেগঘন চিরকুট, লস অ্যাঞ্জেলেসকে ধন্যবাদ

স্পোর্টস ডেস্ক

বেলজিয়ামের সঙ্গে গোলশূন্য ড্র করে বিশ্বকাপের নকআউট পর্বের আশা বাঁচিয়ে রেখেছে ইরান। তবে মাঠের সেই লড়াই ছাপিয়ে এখন ফুটবল দুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে তাদের রেখে যাওয়া একটি চিরকুট। ম্যাচ শেষে সোফি স্টেডিয়ামের লকার রুমে আয়োজক শহর লস অ্যাঞ্জেলেসের আতিথেয়তার প্রশংসা করে একটি আবেগঘন ধন্যবাদ বার্তা রেখে গেছে ইরানি দল।

পরে ইরানের ফুটবল ফেডারেশন সেই হাতে লেখা নোটটি প্রকাশ করে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে।

চিরকুটে যা লিখেছে ইরান

প্রাচীন ঐতিহ্য আর নিজেদের আত্মমর্যাদার কথা ফুটিয়ে তুলে চিরকুটে ইরান দল লিখেছে: ‘হাজার বছরের প্রাচীন পারস্য থেকে আজকের সভ্য ইরান—ইরানের চেতনা সব সময় জীবন্ত ও অবিচল।’

‘লস অ্যাঞ্জেলেস, আপনাদের আতিথেয়তার জন্য ধন্যবাদ।’

‘আমরা গর্বের সঙ্গে লস অ্যাঞ্জেলেসে এসেছিলাম, সম্মানের সঙ্গে লড়াই করেছি এবং মাথা উঁচু করে মর্যাদা নিয়ে ফিরে যাচ্ছি।’

এই নোটে শুধু আয়োজকদেরই নয়, গ্যালারি কাঁপানো ইরানি সমর্থকদেরও মন থেকে ধন্যবাদ জানানো হয়েছে। ম্যাচজুড়ে যারা নিজেদের ‘হৃদয়, কণ্ঠ ও আত্মা’ উজাড় করে দলকে সমর্থন দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে ফুটবলাররা। চিরকুটের একদম শেষ অংশে বিশ্বজুড়ে সব জাতির মধ্যে শান্তি, শ্রদ্ধা ও বন্ধুত্বের এক দারুণ আহ্বান জানানো হয়।

প্রতিকূলতার মাঝেও মাথা উঁচু

ইরানের জন্য লস অ্যাঞ্জেলেসের এই সফরটা মোটেও সহজ ছিল না। রাজনৈতিক ও ভ্রমণ বিধিনিষেধের কারণে তারা যুক্তরাষ্ট্রে থাকার অনুমতি পাননি। টুর্নামেন্টজুড়ে মেক্সিকোর টিজুয়ানায় ঘাঁটি গেড়ে সেখান থেকে সীমান্ত পেরিয়ে এসে তাদের ম্যাচ খেলতে হয়েছে। দলের বেশ কয়েকজন স্টাফের ওপরও ছিল নিষেধাজ্ঞা।

কোচ আমির ঘালিনোই এই বৈষম্য নিয়ে বারবার ক্ষোভ প্রকাশ করলেও, মাঠের ভেতরে ও বাইরে ইরানিরা যে অনন্য নজির দেখাল, তা সত্যিই প্রশংসনীয়। গ্রুপের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের সঙ্গে ২-২ গোলে ড্র করা ইরান তাদের শেষ ম্যাচটি খেলবে সিয়াটেলে, মিশরের বিরুদ্ধে।