ভোট গণনা চলাকালে ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির নির্বাচন স্থগিত

নিজস্ব সংবাদদাতা, ব্রাহ্মণবাড়িয়া

ব্যালটের গোপনীয়তা নিয়ে অভিযোগ ওঠায় ভোট গণনা চলাকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটি ২০২৬ সালের নির্বাচন স্থগিত করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতে প্রধান নির্বাচন কমিশনার আব্দুল মালেক যখন এ ঘোষণা দেন, তখন প্রায় ২০০টি ব্যালট গণনা শেষ হয়েছিল।

আইনজীবী সমিতি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে। সমিতির মোট ভোটার ৬৮৯ জনের মধ্যে ৬৫৪ জনই ভোট দেন। পরে রাত ৯টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত প্রায় ২০০টি ভোট গণনা করা হয়।

এ সময় সিনিয়র সহ-সভাপতি পদে স্বতন্ত্র প্রার্থী সুধীর চন্দ্র ঘোষ প্রধান নির্বাচন কমিশনারের কাছে লিখিত অভিযোগ করেন।

অভিযোগে তিনি লেখেন, ভোটারদের ব্যালট পেপার ও মুড়িতে একই ক্রমিক নম্বর উল্লেখ করা হয়েছে, যা ভোটারের গোপনীয়তা নষ্ট করতে পারে। এ কারণে তিনি নির্বাচন ও ভোট গণনা স্থগিতের আবেদন জানান।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্যানেল থেকে সভাপতি প্রার্থী আব্দুর রহমান ও সাধারণ সম্পাদক প্রার্থী আনিসুর রহমানও মৌখিকভাবে একই আবেদন জানান।

এর পরিপ্রেক্ষিতে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন ও ভোট গণনা স্থগিত ঘোষণা করেন।

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. মফিজুর রহমান বলেন, কোনো সমস্যা ছিল না। ভোট গণনা চলাকালে নির্বাচন স্থগিত করা হয়েছে, যা বিধি-বিধানের বাইরে।

প্রধান নির্বাচন কমিশনার আব্দুল মালেক বলেন, সারা দিন ভোটগ্রহণ হয়েছে এবং প্রায় ২০০ ভোট গণনা করা হয়েছে। একটি আবেদনের প্রেক্ষিতে নির্বাচন বন্ধ করা হয়েছে। ব্যালটে ত্রুটি ছিল কি না, সে বিষয়ে ভিন্ন মত আছে। তবে ভোট গণনার মতো পরিবেশ তখন ছিল না।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রতিপ চন্দ্র দাস বলেন, উত্তপ্ত পরিস্থিতির খবর পেয়ে পুলিশ সেখানে যায়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং নির্বাচন ও ভোট গণনা স্থগিত রয়েছে।

এ নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।