পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা: ২৪ ঘণ্টায় ৪১ হাজার যানবাহন পারাপার

নিজস্ব সংবাদদাতা, মুন্সীগঞ্জ

কোনো ধরনের ভোগান্তি ছাড়াই পদ্মা সেতু হয়ে দক্ষিণবঙ্গের ২১ জেলার মানুষ স্বস্তিতে বাড়ি ফিরছেন। 

আজ বৃহস্পতিবার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তের টোল প্লাজায় যানবাহনের বাড়তি চাপ দেখা গেছে। তবে কর্তৃপক্ষের কার্যকর ব্যবস্থাপনায় নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারছেন ঈদে ঘরমুখো যাত্রীরা।

ছবি: স্টার।

সরেজমিনে দেখা গেছে, এক্সপ্রেসওয়েতে দূরপাল্লার গণপরিবহনের পাশাপাশি ব্যক্তিগত ছোট যানবাহনের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। অনেক যাত্রী মোটরসাইকেলেও পদ্মা সেতু পার হয়ে বাড়ি ফিরছেন। টোল প্লাজায় দ্রুত টোল আদায় সম্পন্ন হওয়ায় কোথাও দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে না।

পদ্মা সেতুর সাইড অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সাদ জানান, দক্ষিণাঞ্চলের যাত্রীদের নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে কর্তৃপক্ষ নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, টোল প্লাজায় বড় যানবাহনের জন্য সাতটি ও মোটরসাইকেলের জন্য তিনটি আলাদা টোল বুথ চালু রাখা হয়েছে। ফলে দ্রুত টোল আদায় সম্ভব হচ্ছে ও যান চলাচল স্বাভাবিক রয়েছে।

সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় পদ্মা সেতুর দুই প্রান্ত দিয়ে মোট ৪১ হাজার ৮৮৫টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৪ কোটি ৫৪ লাখ ৫ হাজার ২৫০ টাকা।