উৎসবমুখর পরিবেশে সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর

স্টার অনলাইন রিপোর্ট

যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সারা দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।

আজ শনিবার সকাল সাড়ে ৮টায় রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক। 

ছবি: প্রবীর দাশ/ স্টার

দেশের সবচেয়ে বড় ঈদ জামাতটি কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে মোনাজাতে বাংলাদেশের শান্তি, অগ্রগতি ও দেশবাসীসহ মুসলিম উম্মাহর কল্যাণ ও রহমত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

ছবি: প্রবীর দাশ/ স্টার

ঈদ উপলক্ষে রাজধানীর প্রধান প্রধান সড়ক ও সড়ক দ্বীপগুলো জাতীয় পতাকা এবং বাংলা ও আরবিতে 'ঈদ মোবারক' খচিত ব্যানারে সাজানো হয়েছে। 

ছবি: প্রবীর দাশ/ স্টার

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ বেতার ও বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো দিনটি উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করছে। 

এছাড়া সরকারি হাসপাতাল, এতিমখানা, শিশু সদন, আশ্রয় কেন্দ্র ও কারাগারগুলোতে পরিবেশন করা হচ্ছে উন্নতমানের খাবার।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান পৃথক বাণীতে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

ছবি: প্রবীর দাশ/ স্টার

এদিকে, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ ও র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সারাদেশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।