রাজনীতিবিদদের দুর্বৃত্তায়ন বন্ধ করতে হবে: আইনমন্ত্রী
রাজনীতিবিদরা রাজনৈতিক দুর্বৃত্তায়নের পথ থেকে সরে না এলে তাদের জন্য রাজনীতির দ্বার চিরতরে বন্ধ হয়ে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামান।
গতকাল রোববার রাতে ঝিনাইদহের জোহান ড্রিম ভ্যালি পার্কে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বিএনপি নেতাকর্মীদের এ কথা বলেন।
‘আর্থ-সামাজিক উন্নয়নে ঝিনাইদহবাসীর ভাবনা’ শীর্ষক এই সভার আয়োজন করে ঝিনাইদহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।
বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে মন্ত্রী বলেন, আপনাদের মধ্যে যারা কালো টাকার মালিকদের সঙ্গে কোনোভাবে সংশ্লিষ্ট, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। কালো টাকার মালিকদের সঙ্গে আপনাদেরও জনসমক্ষে এনে বিচারের মুখোমুখি করা হবে অথবা দল থেকে বহিষ্কার করা হবে।
তিনি আরও জানান, খুব শীঘ্রই দলের অভ্যন্তরে একটি ‘শুদ্ধি অভিযান’ চালানো হবে।
কৃষি ও পরিবেশ রক্ষায় সরকারের অবস্থান তুলে ধরে আইনমন্ত্রী ঘোষণা করেন, আগামী পহেলা বৈশাখ থেকে আনুষ্ঠানিকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ শুরু হবে। আবাদি জমির উপরিভাগের মাটি (টপ সয়েল) কেটে ইটভাটায় ব্যবহার প্রসঙ্গে তিনি স্থানীয় প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
মন্ত্রী বলেন, আবাদি জমি নষ্ট করে মাটি কাটা কোনোভাবেই বরদাশত করা হবে না। তবে ইট তৈরির বিকল্প হিসেবে নিয়ম মেনে নদীর মাটি ব্যবহার করা যায় কি না, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।
ঝিনাইদহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এই সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, জেলা প্রশাসক আবদুল্লাহ আল মাসউদসহ জেলার বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।