জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক আজ

স্টার অনলাইন রিপোর্ট

ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আজ মঙ্গলবার সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা মোট ১৩৩টি অধ্যাদেশ জাতীয় সংসদের বিশেষ কমিটিতে পাঠানো হয়েছে। এগুলো পর্যালোচনা করে আগামী ২ এপ্রিলের মধ্যে কমিটি সংসদে প্রতিবেদন জমা দেবে।

জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এসব অধ্যাদেশ যাচাই-বাছাইয়ের জন্য বৈঠকে আলোচনা হবে।

দেশের প্রচলিত আইন অনুযায়ী, সংসদের অধিবেশন শুরুর আগে কোনো অধ্যাদেশ জারি করা হলে পরবর্তী অধিবেশনের প্রথম দিনেই তা সংসদে উপস্থাপন করতে হয়।

সে অনুযায়ী গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম বৈঠকে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান অধ্যাদেশগুলো সংসদে উপস্থাপন করেন এবং তার প্রস্তাবেই অধ্যাদেশগুলো বিশেষ কমিটিতে পাঠানো হয়।

সাধারণত কোনো বিল যাচাই-বাছাই করে সংসদে প্রতিবেদন দেয় সংশ্লিষ্ট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। তবে এখন পর্যন্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি গঠন করা হয়নি। অধ্যাদেশগুলো বাছাইয়ে ত্রয়োদশ সংসদের প্রথম বৈঠকে একটি বিশেষ কমিটি গঠন করা হয়। এই কমিটি অধ্যাদেশগুলো বাছাই করে প্রতিবেদন জমা দেবে।

বৈঠকে সংসদ সদস্য জয়নুল আবেদীন, সালাহউদ্দিন আহমদ, মো. নুরুল ইসলাম, মো. আসাদুজ্জামান, ড. মুহাম্মদ ওসমান ফারুক, এ. এম. মাহবুব উদ্দিন, মো. আব্দুল বারী, মুহাম্মদ নওশাদ জমির, ফারজানা শারমীন, মো. মুজিবুর রহমান, মো. রফিকুল ইসলাম খান, জি. এম. নজরুল ইসলামের উপস্থিত থাকার কথা রয়েছে।

এছাড়া, ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসেরও এই বৈঠকে অংশ নেওয়ার কথা ছিল।