শেরপুরে আবাসিক ভবনে ট্যাংক বসিয়ে ডিজেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব সংবাদদাতা, ময়মনসিংহ ও ব্রাহ্মণবাড়িয়া

শেরপুরে একটি আবাসিক ভবনে অবৈধভাবে জ্বালানির ট্যাংক স্থাপন করে ডিজেল মজুতের অভিযোগে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শহরের গোপালবাড়ী এলাকায় চালানো অভিযানে ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করেন।

দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীর নাম তাপস নন্দী। তিনি ‘মেসার্স শিমলা ট্রেডার্স’ নামের একটি প্রতিষ্ঠানের মালিক। তাকে আজ শুক্রবারের মধ্যে মজুতকৃত জ্বালানিসহ ট্যাংক সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযানের বরাত দিয়ে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, দীর্ঘদিন ধরে বহুতল ভবনটির নিচতলায় অবৈধভাবে ২৫ হাজার লিটার জ্বালানি ধারণক্ষমতার ট্যাংক স্থাপন করে ডিজেল মজুত করছিলেন ব্যবসায়ী তাপস নন্দী ও শফিকুল ইসলাম।

গতকালও তারা নয় হাজার লিটার ডিজেল মজুত করেন। সেখানে মোট ১৮ হাজার লিটার ডিজেল মজুত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলা প্রশাসন সেখানে অভিযান পরিচালনা করে।

পরিবেশগত ছাড়পত্র ছাড়াই আবাসিক এলাকায় দাহ্য পদার্থ মজুতের প্রমাণ পাওয়ায় ওই ব্যবসায়ীকে অর্থদণ্ড দেওয়া হয়। পাশাপাশি জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে আজকের মধ্যে সব তেল ও ট্যাংক সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয় বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান বলেন, নিয়ম না মেনে দাহ্য পদার্থ মজুত ও বিক্রির দায়ে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। আবাসিক এলাকায় এমন ঝুঁকিপূর্ণ কার্যক্রম জননিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। তাই দ্রুত সময়ের মধ্যে তেল সরিয়ে নেওয়া নিশ্চিত করতে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে। এ ছাড়া সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অন্য লাইসেন্সও যাচাই-বাছাই করা হচ্ছে।