আমি যতদিন আছি এলাকায় ওয়াজ-কীর্তন যেমন হবে, বাউল গানও হবে: রুমিন ফারহানা

নিজস্ব সংবাদদাতা, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, তার এলাকায় ওয়াজ ও কীর্তনের পাশাপাশি বাউল গানও সমানভাবে চলবে এবং মাজার সংস্কৃতিতে বাধা মেনে নেওয়া হবে না।

আশুগঞ্জে গতকাল বৃহস্পতিবার রাতে এক ওরসে অংশ নিয়ে তিনি তিনি এ কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, 'আমি যতদিন এই এলাকার দায়িত্বে থাকব, আমার এলাকায় ওয়াজ যেমন হবে, কীর্তন যেমন হবে, বাউল গানও হবে।'

তিনি বলেন, 'গত প্রায় ১৮ মাসে অন্তর্বর্তী সরকারের সময়ে দেশের বিভিন্ন স্থানে একের পর এক মাজার ভাঙা হয়েছে, বাউল গানের আসরে বাধা দেওয়া হয়েছে এবং শিল্পীদের হেনস্তা করে কারাগারে পাঠানোর ঘটনাও ঘটেছে।'

'আমি জানি না, আর কোনো রাজনীতিবিদ প্রতিবাদ করেছেন কি না। তবে আমি প্রতিটি মাজার ভাঙার ঘটনার প্রতিবাদ করেছি,' বলেন এই স্বতন্ত্র সংসদ সদস্য।

তিনি আরও বলেন, 'ঈদুল ফিতরের পরদিনও সিলেটে একটি বাউল গানের আসরে ভাঙচুরের ঘটনা ঘটেছে। দেশের সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষা এবং তা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার দায়িত্ব সবার।'

'যারা বাউল গান ও মাজারের সঙ্গে যুক্ত, তারা আমাদের সংস্কৃতিরই একটি অংশ,' যোগ করেন তিনি।

ওরসের আয়োজন করে স্থানীয় আব্দুল কাদির শাহ পাঠাগার।