ঢাকায় সড়ক-ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর বিভিন্ন এলাকার ফুটপাত এবং সড়ক দখলমুক্ত করতে আজ থেকে অভিযান শুরু করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ডিএমপি জানিয়েছে, বিভিন্ন এলাকায় সড়কের পাশের রেস্তোরাঁ, যানবাহন মেরামতের গ্যারেজ, ওয়েল্ডিং ওয়ার্কশপ, পোশাক ও আসবাবের দোকানগুলো তাদের নিজস্ব সীমানার বাইরে অবৈধভাবে ফুটপাত ও রাস্তায় ব্যবসা সম্প্রসারণ করেছে। রেস্তোরাঁর রান্নার চুলা, গ্রিল বা কাবাব তৈরির যন্ত্র, ওয়ার্কশপের পুরোনো টায়ার ও যন্ত্রপাতি ফুটপাতে ফেলে রাখা হচ্ছে। এমনকি মোটরগাড়ির ওয়ার্কশপগুলো প্রায়ই রাস্তার এক লেন দখল করে গাড়ি মেরামত করছে। এতে ফুটপাত দিয়ে পথচারীদের হাঁটার সুযোগ থাকছে না। বাধ্য হয়ে মূল সড়ক দিয়ে হাঁটতে গিয়ে পথচারীদের নিরাপত্তা হুমকির মুখে পড়ছে। তেমনি সড়কে তৈরি হচ্ছে যানজট।

সকাল ১০টা থেকে শুরু হওয়া এই অভিযানে ট্রাফিক পুলিশের পাশাপাশি সংশ্লিষ্ট থানা-পুলিশ, পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) ফোর্স এবং সিটি করপোরেশনের কর্মীরা অংশ নেবেন। উচ্ছেদকাজে ব্যবহারের জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনের বড় ট্রাক, রেকার, হাতুড়ি, শাবলসহ প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত রাখা হয়েছে।

ফার্মগেট এলাকায় অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল বলেন, হকারদের জীবনজীবিকার বিষয়টি বিবেচনায় নিয়ে প্রাথমিকভাবে তাদের বুঝিয়ে ফুটপাত থেকে সরে যাওয়ার কথা বলা হয়েছে।

তিনি বলেন, ‘আমরা তাদের ফুটপাত থেকে সরে যেতে বুঝিয়ে বলেছি। তবে তারা যদি আবার ফিরে আসেন এবং জায়গা দখল করেন, তাহলে আমরা কঠোর ব্যবস্থা নেব।’ উচ্ছেদ করা জায়গাগুলো যাতে আবার দখল না হয়, সে জন্য নিয়মিত নজরদারি রাখা হবে বলেও জানান তিনি।

কাকলী এলাকায় দেখা যায়, ভ্রাম্যমাণ আদালত ফুটপাতের ওপর ঝোলানো ব্যানার, ডিজিটাল ব্যানার ও দোকানগুলোর বর্ধিত অংশ অপসারণ করছে।

গত ২৩ মার্চ ডিএমপি জানিয়েছিল, রাজধানীজুড়ে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে ১ এপ্রিল থেকে সমন্বিত অভিযান শুরু হবে। এর আগেই ব্যবসায়ী ও দোকানমালিকদের নিজ দায়িত্বে তাদের মালপত্র সরিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়।

ডিএমপির ট্রাফিক গুলশান বিভাগ জানায়, পুলিশের পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, আজ সকাল ১০টায় কাকলী আউটগোয়িং এবং এর ফুটপাতে থাকা খাবারের হোটেলের বর্ধিত অংশ, আসবাবের দোকানের বর্ধিত অংশসহ আশপাশের এলাকায় অভিযান চালানো হবে। এরপর আগামীকাল ২ এপ্রিল গুলশান-১ ডিএনসিসি মার্কেট ও গুলশান-২ সিটি করপোরেশন মার্কেট সংলগ্ন ফুটপাতে উচ্ছেদ অভিযান চলবে। ৪ এপ্রিল মহাখালী কাঁচাবাজার এলাকার কস্তুরী রেস্তোরাঁসহ আশপাশের অবৈধ দোকানপাট এবং ৫ এপ্রিল মহাখালী আমতলী সংলগ্ন আজলান মোটরস, কাঁচাবাজার সংলগ্ন ফুটপাত ও পুলিশ প্লাজা এলাকায় অভিযান চালাবে ভ্রাম্যমাণ আদালত।