যুক্তরাষ্ট্রে নিহত ২ শিক্ষার্থীর মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার কাজ চলছে: পররাষ্ট্রমন্ত্রী

স্টার অনলাইন রিপোর্ট

যুক্তরাষ্ট্রে নিহত দুই শিক্ষার্থীর মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জানিয়েছেন।

আজ মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে দিনের কার্যসূচির শুরুতে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

জামালপুর-২ আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবুর প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় ওয়াশিংটন দূতাবাস ও ফ্লোরিডার কনস্যুলেট জেনারেল সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।'

আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর সংঘটিত গণহত্যার বিচার ও চলমান মামলার রায় দ্রুত আসবে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জানান, রোহিঙ্গাদের ওপর সংঘটিত গণহত্যার দায়ে মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে মামলাটি বর্তমানে গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। মামলায় মিয়ানমারের দায় নির্ধারণ, নির্যাতন বন্ধ, ক্ষতিপূরণ ও ভবিষ্যতে এমন অপরাধ প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

বিভিন্ন দেশের লিখিত ও মৌখিক শুনানি শেষ হওয়ায় রায় দ্রুতই আসবে বলে মন্তব্য করেন তিনি।

ইউএনএইচসিআরের ১৩ এপ্রিলের তথ্যের উল্লেখ করে মন্ত্রী জানান, বাংলাদেশে বর্তমানে অবস্থানরত রোহিঙ্গার সংখ্যা ১১ লাখ ৮৯ হাজার ২১৩ জন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার ১২ লাখ রোহিঙ্গাকে দ্রুত মিয়ানমারে প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করছে। একইসঙ্গে সীমান্ত সুরক্ষা এবং মানবপাচার ও মাদক চোরাচালান বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

এনসিপির সংসদ সদস্য আতিক মুজাহিদের প্রশ্নের জবাবে খলিলুর রহমান বলেন, বর্তমান সরকারের ১৮০ দিনের কর্মসূচির মধ্যে সার্ক সক্রিয় করার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। বাংলাদেশ ইতোমধ্যে সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিদের কাছে সার্ককে পুনরুজ্জীবিত করার আগ্রহের কথা জানিয়েছে।

পারস্পরিক বিশ্বাস ও আঞ্চলিক আলোচনার মাধ্যমে সার্ককে পুনরায় কার্যকর করতে বাংলাদেশ অগ্রণী ভূমিকা পালন করবে বলে মনে করেন মন্ত্রী।

মধ্যপ্রাচ্য উত্তেজনা ও প্রবাসী সুরক্ষা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা ও সংঘাতের প্রেক্ষাপটে ওই অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। প্রবাসীদের জীবন ও সম্পদ রক্ষায় সরকার সব সময় সজাগ ও দায়িত্বশীল ভূমিকা পালন করবে।'