লিমন-বৃষ্টি পাচ্ছেন মরণোত্তর ডক্টরেট ডিগ্রি
গত এপ্রিলে হত্যাকাণ্ডের শিকার দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) কর্তৃপক্ষ। আগামী ৯ মে বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তনে এ ডিগ্রি দেওয়া হবে।
ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা গতকাল মঙ্গলবার এক ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে মায়ামির বাংলাদেশ কনস্যুলেটকে চিঠির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।
সমাবর্তন অনুষ্ঠানে নিহতদের পরিবারের পক্ষ থেকে সম্মাননা গ্রহণ করার জন্য কনস্যুলেটের একজন প্রতিনিধিকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অনুষ্ঠানে নিহত শিক্ষার্থীদের পরিবারের পক্ষ থেকে সম্মাননা গ্রহণের জন্য কনস্যুলেটের একজন প্রতিনিধি উপস্থিত থাকবেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, চলতি সপ্তাহে বৃহস্পতিবার থেকে রবিবারের মধ্যে অনুষ্ঠিত হতে যাওয়া ‘স্প্রিং ২০২৬’ সমাবর্তনে প্রায় ৮ হাজার শিক্ষার্থীর সঙ্গে এই দুই শিক্ষার্থীকেও ডিগ্রি দেওয়া হচ্ছে। নাহিদা ও জামিলের স্মরণে সমাবর্তন অনুষ্ঠানের শুরুতে এক মিনিট নীরবতা পালন করা হবে।
এছাড়া শুক্রবার সকালে ডক্টরাল ডিগ্রি প্রদানের মূল অনুষ্ঠানে তাদের সম্মানে অনুষ্ঠানস্থলে দুটি খালি চেয়ার নির্ধারিত পোশাকে (রেগালিয়া) সজ্জিত করে রাখা হবে। এ বছর ৩৯৩ জন ডক্টরাল ডিগ্রিধারীর তালিকায় এই দুজনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
২৭ বছর বয়সী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি গত ১৬ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন। এর এক সপ্তাহ পর ফ্লোরিডার টাম্পায় হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড সেতুর কাছ থেকে জামিলের মরদেহ উদ্ধার করা হয়। এর দুদিন পর একই এলাকার ম্যানগ্রোভ বনের ভেতর থেকে নাহিদার দেহাংশ উদ্ধার করা হয়।
এই হত্যাকাণ্ডের অভিযোগে ২৬ বছর বয়সী হিশাম আবুগারবিয়েহকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পরিকল্পিত খুনের দুটি অভিযোগ আনা হয়েছে এবং বর্তমানে সে কারাগারে।
আজ বুধবার দুপুর ২টায় টাম্পায় নাহিদা সুলতানা বৃষ্টির প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর ৭ মে তার মরদেহ ঢাকার উদ্দেশ্যে পাঠানো হবে। দুবাই হয়ে আগামী ৯ মে শনিবার সকাল ৮টা ৪০ মিনিটে নাহিদার মরদেহ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।