কুলাউড়া সীমান্ত থেকে ১০ জনকে বিজিবির হাতে তুলে দিলেন স্থানীয়রা
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মুড়ইছড়া সীমান্ত দিয়ে ১০ ব্যক্তিকে জোরপূর্বক বাংলাদেশে পাঠানোর অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার স্থানীয়রা তাদের দেখতে পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেন।
পরে পরিচয় যাচাই করে পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের কুলাউড়া থানায় হস্তান্তর করে বিজিবি। সবশেষ পুলিশ গতকাল সন্ধ্যায় তাদের স্বজনদের কাছে হস্তান্তর করেছে।
কুলাউড়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফরহাদ মাতব্বর জানান, আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিজিবিকে জানিয়েছেন, তারা অতীতে বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন।
তিনি আরও জানান, পরে তারা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক হন এবং সম্প্রতি মুরইছড়া সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পুশ-ইন (ফেরত পাঠানো) করা হয়।
পুলিশের এই কর্মকর্তা বলেন, খবর পেয়ে তাদের স্বজনরা থানায় এলে গতকাল সন্ধ্যায় তাদের নিজ নিজ পরিবারের হেফাজতে ছেড়ে দেওয়া হয়।
শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ বলেন, এটি পুশ-ইন কি না তা নিশ্চিত নয়। এই ১০ জনকে সীমান্ত এলাকা থেকে স্থানীয়রা আমাদের কাছে নিয়ে এসেছিলেন। পুলিশ এ বিষয়ে বিস্তারিত বলতে পারবে।