ঢাবি প্রক্টর সাইফুদ্দীন আহমদের পদত্যাগ

নিজস্ব সংবাদদাতা, ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টর সাইফুদ্দীন আহমেদ পদত্যাগ করেছেন।

আজ রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলামের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।

আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ২৮ আগস্ট তিনি প্রক্টরের দায়িত্ব নেন।

এ বিষয়ে জানতে চাইলে সাইফুদ্দীন আহমেদ দ্য ডেইলি স্টারকে বলেন, ব্যক্তিগত কারণে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।

তিনি বলেন, আমার কিছুটা বিশ্রাম প্রয়োজন। অনেক দিন ধরে একাডেমিক দায়িত্ব থেকে দূরে আছি। আমি আবার একাডেমিয়ায় ফিরতে চাই।

পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করে উপাচার্য এ বি এম ওবায়দুল ইসলাম সাংবাদিকদের বলেন, প্রক্টর পদের বিষয়ে খুব শিগগির সিদ্ধান্ত নেওয়া হবে।

সাইফুদ্দীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত।