লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত
লেবাননের দক্ষিণাঞ্চলে গতকাল সোমবার ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন।
বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১২টার দিকে নাবাতিয়েহর জেবদিন এলাকার একটি আবাসিক এলাকায় এই হামলা চালানো হয়।
নিহতরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামের শফিকুল ইসলাম এবং একই জেলার আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের মো. নাহিদুল ইসলাম।
বাংলাদেশ দূতাবাসের বরাত দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দুই বাংলাদেশির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বলে জানিয়েছে প্রথম আলো।
দূতাবাস জানিয়েছে, মরদেহগুলো নাবাতিয়েহর নাবিহ বেরি হাসপাতালে রাখা হয়েছে।
দূতাবাস শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
এর আগে গত ৮ এপ্রিল বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় দিপালী বেগম নামে এক বাংলাদেশি নারী শ্রমিক নিহত হন।